দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলম। বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার বাবু অসিত কুমার মণ্ডল, রসূলপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। তারা দুই দফা দাবি উত্থাপন করেন ইডি কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
