পাবনার সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে সুজানগর থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুজানগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে তাদের ধারণা। দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে এ অভিযান পরিচালনা করা হয়।
রেজাউল করিম রেজা পাবনা জেলার সুজানগরের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছাত্রজীবনে সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি পাবনা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সর্বশেষ সুজানগর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিনিধির সঙ্গে তাকেও মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। এরপর সুজানগর পৌরসভার প্রশাসনিক দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ।
গ্রেপ্তার হওয়া রেজাউল করিম রেজাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
