দীর্ঘদিন ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতিকে দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনার অভিযোগ ছিল। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে হাতিটির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে দায়িত্ব দেওয়া হয়।
প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে হাতিটি উন্নত চিকিৎসা ও পরিচর্যার সুযোগ পাচ্ছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হাতিটি হস্তান্তর করা হয়। পরে জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে হাতিটিকে নিয়ে যাওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় হাতিটি হস্তান্তর করেছেন। তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। এতে ‘বাদশা বাহাদুর’ সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
শাকিল রানা,
বগুড়া প্রতিনিধি :
