তেলেগু ভাষার আলোচিত সিনেমা ‘জয়া জানাকি নায়াকা’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বেলামকোন্দা শ্রীনিবাস ও রাকুল প্রীত সিং। রোমান্টিক-অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা হিন্দি ভাষায় ডাবিং করে ‘খুনখার’ শিরোনামে মুক্তি দেওয়া হয়। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটির উভয় ভার্সনই।
কয়েক বছর আগে সিনেমাটির বিভিন্ন দৃশ্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রীতিমতো আলোচনায় চলে আসে সিনেমাটি। ভারতের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটির বিভিন্ন দৃশ্যের ক্লিপ ছড়িয়ে পড়ে। নেটিজেনদের প্রশংসাও কুড়ায় এটি।
‘জয়া জানাকি নায়াকা’ সিনেমার হিন্দি সংস্করণ ইউটিউবে ইতিহাস গড়েছে। কারণ এটি ১০০ কোটির বেশি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে; ইউটিউবে আপলোড করা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে এটি প্রথম এই রেকর্ড গড়েছে। এই সাফল্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সিনেমাটির জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভ্যারাইটি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন সিনেমাটির নায়ক বেলামকোন্দা শ্রীনিবাস।
এ আলাপচারিতায় বেলামকোন্দার কাছে জানতে চাওয়া হয়, ‘খুনখার’ (জয়া জানাকি নায়াকা) সিনেমা এত জনপ্রিয় হওয়ার কারণ কী বলে মনে করেন? জবাবে বেলামকোন্দা শ্রীনিবাস বলেন, “সিনেমাটির গল্পে পারিবারিক আবেগ, অ্যাকশন দৃশ্য দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ তৈরি করেছে। পারিবারিক দৃশ্যগুলো ভারতীয় সংস্কৃতির মূল আবেগের প্রতিচ্ছবি। বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অনেক মানুষের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে বলেছেন, ‘বাবা-ছেলের সম্পর্কের দৃশ্য, ভালোবাসার মানুষের জন্য একজন পুরুষ সবকিছু করতে প্রস্তুত, যদি সেই নারী বিবাহিতও হন—এই বিষয়গুলো তাদের গভীরভাবে স্পর্শ করেছে।’ সম্পর্ক শেষ হয়ে গেলেও ভালোবাসা মরে না—এই অনুভূতিটা তারা উপলব্ধি করতে পেরেছেন।
এমনকি, নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। আজও অনেক মানুষ তাদের প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন। কারণ কোথাও না কোথাও আবেগ থেকে যায়। আমার মনে হয়, এই বিষয়গুলো সিনেমাটির জনপ্রিয়তার ক্ষেত্রে দারুণ কাজ করেছে।”