গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৫ জুলাই)বিকেলে উপজেলার কেওয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় মাদক সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি :
