কুড়িগ্রামের রাজারহাটে ৬ বছর বয়সী এক শিশুকে পটেটো চিপস এর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রী নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি। এই ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১ জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও লোকমুখে বলাবলি শুরু হলে ৩দিন পরে এলাকাবাসীর সহায়তায় ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরবেলা শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে মন্দিরের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র পটেটো চিপস এর প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র সেখান থেকে দ্রুত পালিয়ে যান।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এরপর শনিবার রাতে রাজারহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রোববার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
