বগুড়ার কাহালু বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে এলপিজি গ্যাস বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়মের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এক গ্যাস ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারের একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বারবার ব্যবহৃত পুরোনো তেলে খাদ্য ভাজা এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখার দায়ে আরও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শাকিল রানা, বগুড়া প্রতিনিধি:
