ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী নিজেই গুলশানের বাসভবন থেকে গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষ রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পের নকশা, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং প্রকল্পের অগ্রগতি বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ঢাকা মেডিকেল কলেজের দীর্ঘ ৮০ বছরের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করে আধুনিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি চিকিৎসা শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দেশের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম আশরাফী বুলবুল
