প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসা আর সমর্থনের গল্প শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি তুলে ধরেছেন একজন আর্জেন্টিনা সমর্থকের আবেগ, অপেক্ষা আর বিশ্বাসের গল্প।
ম্যাচটি দেখতে স্বামী এফ এস নাঈমকে নিয়ে কানসাস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নাদিয়া। স্টেডিয়াম থেকে তোলা ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘ভামোস আর্জেন্টিনা। সেমিফাইনালের পথে। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ একই সঙ্গে স্টেডিয়ামটির স্মৃতিও তুলে ধরে জানান, এখানেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা।
তবে ম্যাচের আগেই দেওয়া আরেকটি দীর্ঘ পোস্টে নাদিয়া স্মরণ করেন আর্জেন্টিনা সমর্থকদের কঠিন পথচলার কথা। তিনি লেখেন, ‘২০২২ সালের আগে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় ছিলো ১৯৮৬ সালে। তাই এই দলের সমর্থক হতে হলে মনোবল সত্যিই শক্ত হতে হয়।’
এরপর একে একে তিনি স্মরণ করেন ২০০২ সালের হতাশা, ২০০৬ সালের আক্ষেপ, ২০১০ সালের ব্যর্থতা, ২০১৪ সালের ফাইনালে হৃদয়ভাঙা এবং ২০১৮ সালের কষ্টের স্মৃতি। তাঁর ভাষায়, ‘এসব দেখেছি, তবু কখনো দল ছাড়িনি। বছরের পর বছর ধৈর্য, বিশ্বাস আর ভালোবাসা নিয়ে একই দলের পাশে থেকেছি। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’