কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে জাহিদুল ইসলাম জিন্নাত (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজমাল্লী ডাংঘাট এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল।সম্প্রতি উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়। তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ওই রাস্তা নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে ডাংঘাট গ্রামের জয়নাল গং ও জাহিদুল ইসলাম জিন্নাতের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শাবলের আঘাতে গুরুতর আহত হন জাহিদুল ইসলাম জিন্নাত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হবে।”
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম বলেন, প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (রাজারহাট সার্কেল) মাসুদ রানা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
