ওপেনহাইমার’ সিনেমার তিন বছর পর ক্রিস্টোফার নোলান এবার হাত দিয়েছেন গ্রিক কবি হোমারের ওডিসি মহাকাব্যে। আজ ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। একই দিন থেকে সিনেমাটি দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’।
দ্য ওডিসি
‘দ্য ওডিসি’ তৈরি হয়েছে ওডিসিয়াসের নিজ ভূমিতে ফেরার রোমহর্ষক সংগ্রাম নিয়ে। গ্রিসের এক ছোট দ্বীপ ইথাকার রাজা ওডিসিয়াস। ট্রোজান যুদ্ধ শুরু হলে ওডিসিয়াসকে সেই যুদ্ধে অংশ নিতে হয়। একটানা ১০ বছর চলে সেই যুদ্ধ। যুদ্ধ শেষে দেশে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওডিসিয়াস। পথভ্রষ্ট হয়ে সে সাগরের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন দ্বীপে বিভিন্ন ধরনের মানুষ, জন্তু-জানোয়ার এবং দেব-দেবীর মুখোমুখি হয়। ভয়ংকর সব বাধার মুখে পড়ে। কিন্তু নিজের বুদ্ধি, সাহস এবং শক্তি দিয়ে সব বিপদ পেরিয়ে প্রায় ২০ বছর পর বিজয়ী হিসেবে নিজ দেশে ফেরে ওডিসিয়াস।
মাস্তুল
নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় মাস্তুল সিনেমার। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।