ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন অভিনেত্রী ছিলেন, যিনি বলিউড, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম—ভারতের পাঁচটি প্রধান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন। অথচ আজও অনেকেই তাঁর নাম জানেন না। তিনি শ্রীদেবী নন। তিনি ছিলেন — সৌন্দর্যা।
সৌন্দর্যার জন্ম ১৮ জুলাই ১৯৭২ সালে কর্ণাটকের মুলবাগিলুতে। আসল নাম ছিল সৌম্যা সত্যনারায়ণ। তাঁর পিতা কে. এস. সত্যনারায়ণ কন্নড় চলচ্চিত্রের প্রখ্যাত লেখক ও প্রযোজক ছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী সৌম্যার লক্ষ্য ছিল ডাক্তার হওয়া। মেডিকেল কলেজে ভর্তি হয়েও শেষ পর্যন্ত অভিনয়ের জগতে পা রাখেন এক গ্রীষ্মের ছুটিতে, বাবার অনুরোধে।
১৯৯২ সালে ‘গন্ধর্ব’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকেই বাজিমাত। এরপর তাঁর নাম বদলে রাখা হয় ‘সৌন্দর্যা’ — এবং তিনি হয়ে উঠলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সৌন্দর্যার অভিনয়ের জাদু ছড়িয়ে পড়ে একের পর এক তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি সিনেমায়।
তিনি অভিনয় করেছেন দক্ষিণ ভারতের কিংবদন্তি সুপারস্টারদের সঙ্গে —
চিরঞ্জীবী, জনীকান্ত, কমল হাসান, মোহনলাল
এবং বলিউডে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘সূর্যবংশম’ (১৯৯৯) ছবিতে।
তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে:
অম্মোরু, পবিত্র বন্ধন, দোণি সাগালি, রাজা, সূর্যবংশম এবং
দ্বীপ (যার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন)
আপ্তমিত্র (মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পর)
সম্মাননা পেয়েছেন —
৩টি নন্দি অ্যাওয়ার্ড
২টি কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড
৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ
এবং একজন প্রযোজক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২০০৪ সালে তিনি যোগ দেন বিজেপিতে। একদিকে যখন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন, অন্যদিকে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেছিলেন। সেই বছর নির্বাচনী প্রচারের সময় করুণ হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে।
১৭ এপ্রিল ২০০৪, করিমনগরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে যোগ্যর আকাশ থেকে ভেঙে পড়ে শেষনাগ-১৮০ হেলিকপ্টার। সৌন্দর্যা, তাঁর ভাই, স্থানীয় বিজেপি নেতা এবং পাইলটসহ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুঃখজনকভাবে, সে সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সৌন্দর্যা। প্রাণ হারান তাঁর অনাগত সন্তানও।
এত অল্প সময়ে সৌন্দর্যা রেখে গেছেন এক অনন্য অভিনয়জীবন, নির্ভীক রাজনীতি-প্রবেশ আর এক অপূরণীয় শূন্যতা। মৃত্যুর বহু বছর পরও দক্ষিণ ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম উজ্জ্বলভাবে লেখা আছে।
আজ, ১৮ জুলাই — তাঁর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি এক সৌন্দর্যময় আত্মাকে, যিনি নিজের নামের মতোই ছিলেন অলংকৃত।