শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমাটিতে শাহরুখ-রানীর মেয়ে ছিল অঞ্জলি। এই চরিত্রে অভিনয় করেছিলেন ৮ বছর বয়েসি সানা সাঈদ। রানী মুখার্জি-সালমান অভিনীত জনপ্রিয় এই সিনেমা ১৯৯৮ সালে মুক্তি পায়। এ সিনেমা মুক্তির পর সময় অনেক গড়িয়েছে। সেই অঞ্জলি বা সানা সাঈদ এখন আর ছোট্ট নেই। বরং সংসার বাঁধতে যাচ্ছেন। কয়েক বছর আগে প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন। তার হবু বরের নাম কাসাবা ওয়াগনার।
সানা সাঈদ এখন অভিনয় থেকে দূরে রয়েছেন। এবার নিজের জীবনের কঠিন একটি অধ্যায় প্রকাশ্যে এনে আলোচনার জন্ম দিলেন। সানা জানান—দীর্ঘদিন বুলিমিয়া নার্ভোসা নামে ইটিং ডিসঅর্ডারে ভুগেছেন। এটি খাদ্যাভ্যাসজনিত মানসিক স্বাস্থ্য সমস্যা। যার প্রধান লক্ষণ—অতিরিক্ত খাওয়া।
বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়েছেন সানা সাঈদ। সমস্যাটি তার ব্যক্তিগত জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। এসব তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি সবসময় লুকিয়ে খেতে চাইতে পারি না। কিংবা এই ভয়ে থাকতে চাই না যে, কেউ আমার ঘরে ঢুকে ভাববে—আমি অতিরিক্ত খাচ্ছি।”
‘দ্য বুলিমিয়া হেল্প মেথড’ বইটি পড়ার পর সানা উপলদ্ধি করতে পারেন, কীসের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে সানা সাঈদ বলেন, “আপনি ভীষণ ভীত থাকেন। অবশেষে সমস্যাটা চিহ্নিত করতে পারেন। কিন্তু সেটার মুখোমুখি হতে চান না। এতদিন ধরে এটি নিয়ে বেঁচে থাকার কারণে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে, আপনার মধ্যেই হয়তো গুরুতর কোনো সমস্যা রয়েছে।”