মোঃ রুবেল হোসেন
বাউফল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তছলিম তালুকদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির। এছাড়া বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী ছালাম আলম লিলি, বিএনপি নেতা আবদুল গনি সিকদার, এটিএম মিজানুর রহমান খোকন, রায়হান তালুকদার আকাশ ও মোঃ সাজাহান হাওলাদারসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মোঃ শহিদুল আলম তালুকদার বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।