বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানবপ্রাচীর, সমাবেশ ও ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশ নেন। কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, মাও. শহিদুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাজাহানপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বিপুল ও তাজুল ইসলাম।
বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই উদ্যোগ বাস্তবায়নের কোনো অগ্রগতি হয়নি। তাদের অভিযোগ, ভূমি অধিগ্রহণের জটিলতার কথা বলে প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও বাস্তবে সেখানে পর্যাপ্ত জমি রয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জামালপুর এলাকা ভৌগোলিক ও যোগাযোগগত দিক থেকে অত্যন্ত উপযোগী। ভবিষ্যতে বগুড়া–সিরাজগঞ্জ রেলপথ চালু হলে এ এলাকার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এছাড়া আরডিএর নিকটবর্তী হওয়ায় শিক্ষা ও গবেষণার জন্যও এটি একটি সম্ভাবনাময় স্থান।
বক্তারা আরও জানান, প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং গবেষণার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের আবেদন করা হলেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে।
সমাবেশে আরও দাবি করা হয়, বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও বগুড়া সফরকালে জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন।
পরে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সাময়িকভাবে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।
তবে দাবি দ্রুত বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনকারীরা সতর্ক করেন।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
