বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে নতুন সুখবর পেলেন তার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ সিনেমার সিংহভাগ শুটিং শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেবল একটি আন্তর্জাতিক শিডিউল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টেই শুরু হবে শেষ ধাপের শুটিং।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, ‘কিং’র শেষ শিডিউলের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে লোকেশন খুঁজছে নির্মাতা দল। সম্ভাব্য শুটিং স্পট পরিদর্শনের পাশাপাশি চলছে প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক প্রস্তুতিও।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমার মূল অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু বিদেশে একটি বড় শিডিউল বাকি। বর্তমানে নির্মাতা দলের সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার কাজ শেষ হলে তারা দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ ঘুরে দেখবেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই পুরো ইউনিট চূড়ান্ত শুটিংয়ের জন্য বিদেশে যাবে।