ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে বিশেষ পর্ব সাজিয়েছে চ্যানেল আইয়ের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
বিশেষ এই আয়োজনে ব্যক্তিজীবন, প্রেম, অভিনয়জীবনের শুরু, সাফল্য-ব্যর্থতা এবং ক্যারিয়ারের নানা জানা-অজানা গল্প অকপটে তুলে ধরেছেন শাকিব খান। প্রাণবন্ত আলাপচারিতায় উঠে এসেছে তার অভিনয়জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথাও।
বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, একসময় বড়পর্দায় শাকিব খান ও পূর্ণিমা জুটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তারা একসঙ্গে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই স্মৃতিও ফিরে এসেছে অনুষ্ঠানের আড্ডায়।
অনুষ্ঠানের শুরুতেই ‘পরাণ যায় জ্বালিয়া রে…’ গানের তালে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথন পুরো অনুষ্ঠানকে আরো উপভোগ্য করে তুলেছে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বেশ কিছু বিশেষ চমক।
ইফতেখার মুনিমের প্রযোজনায় নির্মিত ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এর এই বিশেষ পর্ব ২৪ জুলাই, রাত ১০টায়, চ্যানেল আইয়ে প্রচার হবে।