কয়েক দিন আগে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান ব্যবহার করে রিল বানান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই, নিজের ফেসবুকে রিল ভিডিওটি পোস্ট করেন। নীল রঙের শাড়ি পরিহিত অবস্থায় স্কুল আঙিনায় তাকে হাঁটতে দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়।
সাবলীল এই ভিডিও নিয়ে নেটিজেনদের একাংশ বিষোদগার শুরু করেন। সাইবার বুলিংয়ের শিকার হন এই শিক্ষিকা। বিউটি রাণী পালের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠে শিক্ষকসমাজ, সংস্কৃতিমনা মানুষজন। এবার তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন সংগীতশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে আসিফ আকবর তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এ লেখার শুরুতে তার প্রয়াত শিক্ষিকা কল্যাণী সেন গুপ্তার প্রসঙ্গ টানেন। আসিফ আকবর বলেন, “প্রয়াত শ্রীমতি কল্যাণী সেন গুপ্তা ছিলেন কুমিল্লা গুলবাগিচা স্কুলের কালচারাল শিক্ষিকা, ছিলেন বিদ্রোহী কবির অনুরক্ত। দূরন্তপনার লাগাম টানতে আমাকে অ্যানগেজ করলেন কালচারাল অ্যাক্টিভিটিজে। তিনি আবৃত্তি নাটিকা সংগীতের পাশাপাশি ট্রেইন্ড-আপ করলেন মিলাদ পড়ানোতেও। কল্যাণী আপার তিন বছরের শাসনামলে শাস্তি এড়াতে স্কুলের ছাত্র হিসেবে কম্পিটিশনে অংশ নিতে বাধ্য হয়েছি।”
নিজ শিক্ষিকাকে স্মরণ করার পাশাপাশি আলোচিত স্কুলশিক্ষিকা বিউটি রাণী পালের প্রসঙ্গ টেনে আনেন আসিফ আকবর। এই সংগীতশিল্পী বলেন, “সম্মানিত টিচারদের কাজ ছাত্র-ছাত্রীদের গড়ে তোলা, এই উদ্দেশ্যেই অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠায়। স্বদেশি সংস্কৃতি সংযত হওয়া শেখায়, উগ্রতা নয়। বিউটি রাণী পাল ম্যাডাম তেমনই একজন উচ্চশিক্ষিত শিক্ষিকা। তিনি আনন্দময় পরিবেশে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেন। ’৯০ দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ বিউটি রাণী পাল ম্যাম এই গানে নিজের অনভুতি প্রকাশ করেছেন, এটা উনার অধিকার।”
স্কুলে কালচারাল শিক্ষক নিয়োগের ভেটো নিয়ে আসিফ আকবর বলেন, “কারণে অকারণে এই দেশের মানুষ পেরেশানিতে আছে এটা ঠিক, এই পেরেশানির ফাঁকে কাউকে ব্লাইন্ড গেম খেলার সুযোগ দেয়া হবে না—এটাও শতভাগ সঠিক। আমাদের স্কুল জীবনে শিক্ষা ও ডিসিপ্লিনের পাশাপাশি বিনোদনও ছিল। যতটুকু জেনেছি সরকারের কিছু মন্ত্রী স্কুলে কালচারাল শিক্ষক নিয়োগে ভেটো দিয়েছে, অথচ প্রধানমন্ত্রী নিজেও শিশুদের মননশীল সাংস্কৃতিক বিকাশে আগ্রহী।”
শিক্ষিকা বিউটি রাণী পালকে ধন্যবাদ জানিয়ে আসিফ আকবর বলেন, “শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত একদমই ম্যাচ করে না, প্রজন্ম বেড়ে উঠুক আনন্দে ভরপুর কোলাহলময় সুস্থ্য সুন্দর পরিবেশে। ঐতিহাসিকভাবে শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কোনো গ্যাস চেম্বার নয়। বিউটি রাণী পাল ম্যাম, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন।”