মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শনিবার (১ আগস্ট) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধের উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় কর্মজীবী নারীদের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার ও বেবি কেয়ার সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এছাড়া, ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর হার ৮০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করা হয়। বর্তমানে এ হার ৬৫ শতাংশ।
সভায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানে উৎসাহ প্রদান এবং নবজাতকের জন্য মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে ফর্মুলা দুধ ও ফুড সাপ্লিমেন্টের অনিয়ন্ত্রিত প্রচার ও ব্যবহারের বিরুদ্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন ফকির, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজন।
বক্তারা বলেন, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে |
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
