মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে।
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
 

দুর্ভোগের শিকার যাত্রী রিফাত খন্দকার বলেন, “রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম। স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও এখনও সিরাজগঞ্জেই আটকে আছি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসতে আরও সময় লাগবে। তাই ট্রেনের অপেক্ষা না করে বাসে যাওয়ার কথা ভাবছি।”
 

সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। এ দুর্ঘটনার কারণে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসও যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ স্টেশনে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে।
 

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
তদন্ত কমিটির সদস্য বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ট্রেনটি পৌঁছানোর পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: