জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি বেলকুচির চালা গ্যারেজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে র্যালিটি মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এলাকায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শান্তি সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আল-আমিন হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
