ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও ‘এক দেশ, এক QR’ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় ‘বাংলা QR’ প্রচারে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংক খুলনার সহযোগিতায় এবং ডাচ্-বাংলা ব্যাংক মাগুরা শাখার তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের জামরুলতলা শাখা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক শাখা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘বাংলা QR’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।
সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা QR’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যবসাপ্রতিষ্ঠানে ‘বাংলা QR’ স্থাপন এবং গ্রাহকদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় মাগুরার সব তফসিলি ব্যাংকের শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যাংকের সাধারণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
