মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ জন অবসরপ্রাপ্ত সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বশির আহমেদ।
প্রধান অতিথি বলেন, বিদায়ী কর্মীরা দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে তাঁদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি বিদায়ী সহকর্মীদের অবসরজীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তাঁর কার্যালয়ের দুয়ার সবার জন্য সবসময় খোলা থাকবে বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান, মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ক্লিনিক (ম্যাটারনিটি) চিকিৎসক ডাঃ সোমা সাহা এবং এমসিএইচ-এফপি (MCH-FP) মেডিকেল অফিসার ডাঃ দোলন ঘোষ।
এছাড়া সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত), বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও আসন্ন বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ লতিফা পারভীনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিদায়ী সহকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী কর্মীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের অবসরজীবন সুন্দর, আনন্দময় ও সুস্থতার সঙ্গে কাটুক—এমন শুভকামনা জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এফপিটি বিলাস বিশ্বাস।