পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে দুই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের -
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। স্থানীয় সরকার বিভাগের সচিবকে ১৭ আগস্ট ২০২৬ তারিখে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে কিশোরগঞ্জ সফরকালে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার জনসভায় প্রধানমন্ত্রী দুটি সেতু নির্মাণের আশ্বাস দেন। স্থান দুটি হলো— পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর মুনিয়াকান্দা থেকে দত্তের বাজার এবং মির্জাপুর থেকে টাংগাবর।
প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থান দুটিতে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডি (LGED) প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দুই সেতু নির্মাণের উদ্যোগ সফল হলে পাকুন্দিয়ার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন এলাকাবাসী। মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া ।