এসএটোয়েন্টি লিগের আসন্ন আসরের জন্য প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন।
এর আগে ক্যাপিটালসের নেতৃত্বে ছিলেন রাইলি রুশো। তার জায়গায় মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু অধিনায়কত্বেই নয়, নতুন মৌসুম সামনে রেখে দলটিকে ব্যাপকভাবে পুনর্গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিলামে সবচেয়ে বেশি অর্থ—প্রায় ১৮ লাখ ৫০ হাজার ডলার—নিয়ে অংশ নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস। একই সঙ্গে তাদের ছিল সর্বোচ্চ ১৬ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ। ওই নিলামেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভেড়াতে এসএটোয়েন্টির রেকর্ড ৯ লাখ ৪৫ হাজার ডলার খরচ করে দলটি।
এই নিলাম থেকেই কেশাভ মহারাজকে দলে নেয় ক্যাপিটালস। পাশাপাশি লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস, ক্রেইগ ওভারটন, সাকিব মাহমুদ ও কোডি ইউসুফকেও দলে টানা হয়। এ ছাড়া সম্প্রতি আইপিএল থেকে অবসর নেওয়া তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ওয়াইল্ড কার্ড হিসেবে চুক্তিভুক্ত করেছে তারা। নিলামের আগেই উইল জ্যাকস ও শেরফেইন রাদারফোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফ্র্যাঞ্চাইজিটি।
