আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি আছেন এখন ভারতে। যুবভারতী স্টেডিয়ামে পৌঁছাতেই অন্তত ৭০-৮০ জন মানুষ ঘিরে ধরে মেসিকে। যে কারণে গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে দেখতে পারছিলেন না। আর তাতেই ক্ষেপে গেলেন দর্শকরা, মোটা অঙ্কে টিকিট কেটে মেসিকে দেখতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন তারা।মেসিকে দেখতে না পারায় দর্শকদের ক্ষোভ আছড়ে পড়লো মাঠে। গ্যালারিতে থেকে ছুড়ে মারা হলো বোতাল, চেয়ার ভেঙে ছুঁড়ে মারলেন মাঠে; ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শকরা ঢুকে পড়লেন মাঠের ভেতরে। পুলিশ লাঠিচার্জ করেও তাদের ফেরাতে ব্যর্থ হয়। সব মিলিয়ে লন্ডভন্ড এক কাণ্ড যুবভারতী স্টেডিয়ামে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকেও। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন।
