‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় তিনদিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ বৃক্ষ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন'র সভাপতিত্বে বৃক্ষ রোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল কবির।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রহুল আমিন মাসুদ,
পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তা গন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
পরে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ গাছের বিতরণ ও রোপন করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং গাছের প্রতি সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনদিনব্যাপী এ মেলায় স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
আশিকুর রহমান শ্রাবন
ভালুকা প্রতিনিধি