কাজের ফাঁকে ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করেন তাসনিয়া ফারিণ। সুযোগ পেলেই দেশের বাইরে ছুটে যান এই অভিনেত্রী। নতুন জায়গা দেখা, সেখানকার পরিবেশ উপভোগ করা কিংবা ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য কাছ থেকে দেখা ভ্রমণের প্রতি তার আগ্রহ বরাবরই চোখে পড়ে।.
সম্প্রতি ফারিণের দেখা মিলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির ঐতিহ্যবাহী অপেরা হাউস পালে গার্নিয়ের সামনে দাঁড়িয়ে তোলা কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
প্রকাশিত ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা যায়। তার পেছনে চোখে পড়ে বিখ্যাত স্থাপনাটির নান্দনিক স্থাপত্য। খোলা আকাশের নিচে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে প্যারিসের সৌন্দর্যও।
তবে ছবির পাশাপাশি ফারিণের বক্তব্যও অনুসারীদের দৃষ্টি কেড়েছে। জীবনের পাওয়া-না পাওয়ার হিসাব নিয়ে নিজের ভাবনার কথা লিখেছেন তিনি। ফেসবুকে পোস্টে ক্যাপশনে ফারিণ লিখেছেন এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই। না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’প্যারিস ভ্রমণের ছবির সঙ্গে এমন ভাবনা প্রকাশ করায় পোস্টটি পেয়েছে আলাদা আবহ। ভ্রমণের আনন্দের পাশাপাশি জীবন নিয়ে অভিনেত্রীর চিন্তাভাবনাও আলোচনায় এসেছে তার অনুসারীদের মধ্যে।
