আজ ১ সেপ্টেম্বর কবি প্রদীপ দত্তের জন্মদিন। ১৯৭৬ সালের এই দিনে খুলনা জেলার দৌলতপুরের পাবলা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা কবিতার প্রচারবিমুখ ও নিভৃতচারী এই কবি। দীর্ঘ সাহিত্যজীবনে কবিতা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে তিনি নির্মাণ করেছেন নিজস্ব একটি কাব্যভাষা ও স্বতন্ত্র স্বর।
কবি প্রদীপ দত্তের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘দ্বিখণ্ডিত রাত’, ‘গুটিপোকার স্বপ্ন’, ‘সব তারা চুরি হয়ে গেছে’ ও ‘জোছনা রাতের খোয়াব’। এসব গ্রন্থে জীবনের নানা অনুভব, অস্তিত্বের টানাপোড়েন, স্বপ্ন, বিষাদ এবং সমকালীন বাস্তবতা উঠে এসেছে স্বতন্ত্র কাব্যদৃষ্টিতে। প্রতিটি গ্রন্থেই তার নিজস্ব চিন্তা ও কাব্যভাষার স্বাতন্ত্র্য স্পষ্ট।
প্রচারবিমুখ ও নিভৃতচারী কবি হিসেবে প্রদীপ দত্ত বরাবরই খ্যাতি ও প্রচারের আলোর চেয়ে সৃষ্টিশীলতাকে প্রাধান্য দিয়েছেন। সাহিত্যাঙ্গনের কোলাহল থেকে দূরে থেকে নীরবে তিনি চালিয়ে যাচ্ছেন কবিতার সাধনা। পাঠক ও সাহিত্যপ্রেমীদের কাছেও তার এই নীরব পথচলা তৈরি করেছে আলাদা পরিচিতি।
নিজের সৃষ্টিশীল জগতে নিবিষ্ট থেকে একের পর এক কাব্যগ্রন্থ রচনার মধ্য দিয়ে বাংলা কবিতায় তিনি যুক্ত করেছেন নতুন কিছু অনুষঙ্গ ও অনুভব। তার নিরলস সাহিত্যসাধনা সমৃদ্ধ করেছে বাংলা কবিতার ভাণ্ডার। জন্মদিনে কবি প্রদীপ দত্তের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।