অভিনয়ের পাশাপাশি তারকারা যুক্ত হচ্ছেন নানা ধরনের পেশা ও ব্যবসায়। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।
খাবারের ব্যবসায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে নতুন এই উদ্যোগের প্রচারণাও শুরু করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও রিয়েল’র নামে একটি পেজ খোলা হয়েছে। নিজের ফেসবুক পেজেও রেস্তোরাঁটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন তিশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক রিলসে আলো-ছায়ায় দেখা গেছে রেস্তোরাঁটির অন্দরসজ্জার কিছু অংশ। সেখানে জানানো হয়েছে, বিশেষ কিছু পরিবেশনের জন্য প্রায় প্রস্তুত ‘ও রিয়েল’।