জামালপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া কমিটির আয়োজনে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, খেলাধুলা সাধনা ছাড়া হয় না। ভালো খেলোয়াড় হতে হলে সাধনা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা সারা বছর জামালপুরের ক্রীড়াঙ্গনকে সচল রাখবো। বিশেষ করে কাবাডিতে আমরা অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো করছি।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওলামা দল ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মাওলানা মো. কাজী মশিউর রহমান,জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাক-ট্যাংক লড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলী।
প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়— দৌড়, সাঁতার, দাবা ও কাবাডি। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে কাবাডি প্রতিযোগিতায় অনন্য নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইজ্জাতুননেছা স্কুল।
মোহাম্মদ বিজয়,
জামালপুর জেলা প্রতিনিধি
