মোঃশাহিন ফকির,
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ০৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজীব খাঁ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার একটি চৌকস দল এ অভিযান চালায়।অভিযানে সদর থানার ওসি শরিফুল ইসলাম ইসলাম সঙ্গীয় এসআই কামরুল ইসলাম,এসআই আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার ০৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খাঁ'র বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজীব খাঁ সদর উপজেলার ০৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খাঁ'র ছেলে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এর আগে মাদক, জুয়া ও মারামারিসহ পাঁচটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,০৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রাজীব খাঁ নামে একজনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে The Arms Act,1878 এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপার বলেন, আজকের ঘটনার আগে রাজীব খাঁ'র বিরুদ্ধে সদর থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে।
তিনি আরো বলেন মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,নৈরাজ্যসহ যে কোন ধরনের অপকর্ম ঠেকাতে পিরোজপুর জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।