এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।