মোঃ আরিফ হোসেন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় একটি বন্ধ বাসার জানালার গ্রিল কেটে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ী কলেজ রোডসংলগ্ন বিমান টাওয়ারের পাশে আনোয়ারা ভিলার দ্বিতীয় তলার ওই বাসায় চুরির বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় তালা লাগিয়ে প্রায় সাত কিলোমিটার দূরে বাটপাড়া গ্রামে যান। কয়েক দিন পর শনিবার সকালে তারা বাসায় ফিরে দেখতে পান, ঘরের জানালার গ্রিল কাটা এবং ভেতরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।
পরে ঘরের স্টিলের আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। আলমিরায় রাখা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাসার মালিক ফখরুল ইসলাম সাইমুন বলেন, স্বজনের জানাজা ও দাফনের কাজে পরিবারের সবাই গ্রামে যাওয়ায় বাসাটি কয়েক দিন ফাঁকা ছিল। এই সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে তাদের ধারণা।
চুরির ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। তারা চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।