শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ENTER TV


ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে একাডেমিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির ওপর গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়। যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।

অধ্যক্ষ বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি চালুর ফলে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশ ঘটবে। মানসম্মত ও টেকসই শিক্ষা ব্যবস্থা বিস্তারের পাশাপাশি এটি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অবকাঠামো নির্মাণের আরও কিছু কাজ শেষ হলে আগামী ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং চালু করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের আধুনিক ও নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেখানো হয়।

 

বিপুল চন্দ

 জেলা প্রতিনিধি ফরিদপুর