বগুড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আরিফ শেখ (৩৫) এবং শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি সাদেক আলী ওরফে চতে (৬৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (৯ সেপ্টেম্বর) র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার চারমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরিফ শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত মিলন শেখের ছেলে।
এদিকে, শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি সাদেক আলী ওরফে চতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র্যাবের তথ্যমতে, গত ৩০ জুন দুপুরে সোনাতলা উপজেলার নিমেরপাড়া এলাকায় একটি ছ-মিলের ভেতরে ১০ বছর বয়সী এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সাদেক আলীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১ জুলাই সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা হওয়ার পর থেকে সাদেক আলী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি সোনাতলা থানার ফাজিলপুর এলাকায় অবস্থান করছেন। পরে বুধবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাদেক আলী সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রাংয়ের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যথাক্রমে বগুড়া সদর ও সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি
