বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ। তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং তারুণ্যের শক্তিকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে জাসাসের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “পরিবেশ সুরক্ষা ও দেশীয় ফলজ-ঔষধি গাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের এই প্রয়াস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশবান্ধব এমন কর্মসূচি পালন করতে পেরে আমরা গর্বিত।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফ মহিদুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রি, বিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান মানিক, সরকারি আকলম প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মামুন বিন সাঈদ, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান মিলন, সুটিয়াকাঠি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রুহুল আমিন আকন এবং পিরোজপুর জেলা জাসাস নেতা মোঃ মাহাবুবুর রহমানসহ স্থানীয় সুধীবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের মানুষকে অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানান। আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মোঃ শাহিন ফকির
পিরোজপুর জেলা প্রতিনিধি
