অস্কারের জন্য বাংলাদেশের সিনেমা বাছাইয়ে সময় ফুরিয়ে আসছে। ১৬ সেপ্টেম্বর আবেদনের শেষ সময় হলেও এখনো কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে জমা পড়েনি। তবে, শেষ মুহূর্তে কয়েকটি সিনেমা জমা পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে আলোচনায় রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’ ও মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’।
৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা বাছাইয়ের জন্য গত ২০ আগস্ট থেকে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কমিটির প্রকাশিত নিয়ম অনুযায়ী, নির্বাচিত সিনেমার নাম ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ঘোষণা করার কথা রয়েছে।
এখন পর্যন্ত কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে জমা না পড়লেও কয়েকটি সিনেমার টিম অস্কার কমিটির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ। তার ভাষ্য, “কমিটি থেকে আমরা নিয়ম মেনে আগে থেকেই সিনেমা আহ্বান করেছি। কিন্তু, এখনো কোনো সিনেমা জমা পড়েনি। তবে, বেশ কয়েকটি সিনেমার ইউনিট আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা সিনেমা জমা দিতে আগ্রহী। তাদের আমরা অনলাইনে জমা দেওয়ার ব্যাপারে সব বুঝিয়ে দিয়েছি।”
এই তালিকায় রয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। সিনেমাটির টিম অস্কারের প্রতিযোগিতায় অংশ নিতে কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি নাম প্রকাশ না করা আরেকটি সিনেমা নিয়েও কথা হয়েছে, যেটিতে অভিনয় করেছেন আফরান নিশো।
বিষয়টি পরিষ্কার করে আব্দুল্লাহ আল মারুফ বলেন, “আফরান নিশো অভিনীত একটি সিনেমা জমা দিতে একটি টিম আমাকে ফোন করেছিল। তারা জমা দিতে চায়। এছাড়া, ‘দেলুপি’ জমা পড়বে, এমনটা শুনেছি। এর মধ্যে প্রথম দিকে আরো তিনটি সিনেমার পরিচালক ও প্রযোজক যোগাযোগ করেছিলেন। তারা পরে আর যোগাযোগ করেননি।”
এরপর তিনি জানান, নিশো অভিনীত ‘দম’ সিনেমাটিও অস্কারের জন্য জমা দেওয়ার আগ্রহ রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে নিশোর অভিনয় এরই মধ্যে দর্শক-সমালোচকদের আলোচনায় এসেছে। ২০২৬ সালের বাইফা পুরস্কারেও ‘দম’-এর জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন নিশো।
তবে, অস্কারের দৌড়ে শুধু আলোচনায় থাকলেই হবে না, পূরণ করতে হবে নির্দিষ্ট কিছু শর্তও। কমিটির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিনেমাটিকে বাংলাদেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে এবং একই প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের জন্য অন্তত টানা সাত দিন প্রদর্শিত হতে হবে। আন্তর্জাতিকভাবে মুক্তি পেলে সেই তথ্যও কমিটির কাছে জমা দিতে হবে।
এছাড়া, সিনেমার মূল সংলাপের ৫০ শতাংশের বেশি বাংলাদেশের কোনো ভাষায় হতে হবে এবং ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। মুক্তির আগে টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটে প্রকাশ করা হলে সিনেমাটি অযোগ্য বিবেচিত হবে। সিনেমাটির সৃজনশীল নিয়ন্ত্রণও মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে। নিশোর ‘দম’ নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হওয়ার পেছনে সিনেমাটির সাম্প্রতিক সাফল্যও ভূমিকা রাখছে। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের আলোচনায় আসে এবং পরে চরকিতে মুক্তি পায়। সিনেমাটির জন্য নিশো ও রনি দুজনই ২০২৬ সালের বাইফায় পুরস্কৃত হয়েছেন।
তবে, অস্কারের নিয়ম মেনে চূড়ান্ত আবেদন জমা না পড়া পর্যন্ত কোনো সিনেমাকেই বাংলাদেশের সম্ভাব্য অস্কার-নির্বাচিত সিনেমা বলা যাচ্ছে না। কমিটির তথ্য অনুযায়ী, এবারও শেষ দিনে সিনেমা জমা পড়ার প্রবণতা থাকতে পারে। আব্দুল্লাহ আল মারুফের কথায়, “সব সময়ই দেখা যায়, একদম শেষ দিন আমরা সিনেমাগুলো পাই। তার আগে অনেকেই সিনেমা জমা দিতে চান না।”
অর্থাৎ অস্কারের দৌড়ে এখনো শুরু হয়নি বাংলাদেশের আনুষ্ঠানিক লড়াই; বরং চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১৬ সেপ্টেম্বরের পরই পরিষ্কার হবে, ‘দম’, ‘দেলুপি’ নাকি অন্য কোনো সিনেমা এবার দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ পাচ্ছে। গত বছর বাংলাদেশের হয়ে ৯৮তম অস্কারে পাঠানো হয়েছিল লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা