ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় বিজয়নগর থানাধীন পত্তন ইউনিয়নের টানমণিপুর এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ১৮:২০ মিনিট থেকে ১৯:০০ ঘটিকা পর্যন্ত বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে মো. শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. শাহ আলম বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লক্ষ্মীমুড়া (হাজীবাড়ী) গ্রামের মৃত আবুল খায়ের ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহাদত হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসাইন
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি
