পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন ইকরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কদমতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাতবেকুটিয়া গ্রামের আলতাফ হোসেন ওরফে আলতু এর ছেলে মোঃ শাকিল আহম্মেদ (৪০) ও ইকরি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইকরী উত্তর পাড় গ্রামের মৃত সামসুল হক হাওলাদার এর ছেলে মোঃ শাহাদাৎ হোসেন হাওলাদার (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টিম ভান্ডারিয়া থানাধীন ৪নং ইকরি ইউনিয়নের ইকরি বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান পরিচালনা করে জনৈক মন্নান সাহেবের বসতঘরের সামনের ইট সলিং রাস্তার ওপর থেকে আসামিদের ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতে মাদক,সন্ত্রাস সহ যেকোন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পিরোজপুর প্রতিনিধি