কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সিএনজিচালকসহ চারজনকে মুমূর্ষু অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের ১২ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ১২ মাইলে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল, একটি ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এতে রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত সিএনজিচালক ও যাত্রীদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। মোটরসাইকেলচালক ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ সিএনজি ও ট্রাক জব্দ করেছে।
ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম হাইওয়ে পুলিশ পরিচালনা করবে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা করা হবে।
আক্তারুল ইসলাম,
কুষ্টিয়া