তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার বাঁকাহরিশপুরের আমুড়িয়ায় মাগুরা কাবাডি ক্লাব প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে ৮নং জগদল ইউনিয়ন দল ও ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন দল অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়িয়ে নিরাপদ সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইজিপির নির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতা শুধু ক্রীড়া আয়োজন নয়; তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিরও একটি উদ্যোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিপিএম (প্রশাসন ও অর্থ, মাগুরা এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তাসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি