‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’— নব্বইয়ের দশকে দর্শকমনে দাগ কেটেছে সালমান শাহ ও শাবনূর জুটির একাধিক সিনেমা। জনপ্রিয় এই জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। সেসময় তাদের ঘিরে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সময়ের স্রোতে সেই অধ্যায় পেছনে ফেলে আজও প্রিয় সহশিল্পীর স্মৃতি বয়ে বেড়াচ্ছেন শাবনূর।
আজ ১৯ সেপ্টেম্বর, ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকী। এদিন প্রয়াত এই নায়ককে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন শাবনূর। সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।”
শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে শাবনূর লিখেছেন, “শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।”
সালমান শাহর এই মানবিক গুণই তাকে মানুষের হৃদয়ে আজও বাঁচিয়ে রেখেছে বলে মনে করেন শাবনূর। তিনি লেখেন, “তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।”
পুরোনো দিনের স্মৃতি মনে করে অভিনেত্রী আরো লিখেছেন, “পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।”
প্রয়াত সহশিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে শাবনূর লেখেন, “মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।”
শুধু স্মৃতিকাতরতা নয়, সালমান শাহকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য না করারও আহ্বান জানিয়েছেন শাবনূর। ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি লেখেন, “সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।”
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা