মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা ও মাদুরসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শ্রীপুর থানাধীন আমলসার গ্রামের আমলসার বাজারে মোঃ সাদ্দাম হোসেনের চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাগুরা জেলা পুলিশের চলমান মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওলি মিয়ার নেতৃত্বে এসআই সুবীর কুমার রায়সহ পুলিশের একটি দল জুয়ার আসরে অভিযান চালায়।
অভিযানে জুয়ার আসর থেকে ১৪ হাজার ৪৬৫ টাকা, দুইটি প্লাস্টিকের চট/মাদুর, এক সেট তাস এবং খোলা ১৮০ পিস তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবুল শেখ (৪৫), ইউনুস শেখ (৪০), ইউনুস শেখ (৩৫), জসিম শেখ (২৮), আজের আলী শেখ (৪০), ইসরাত শেখ (৩২), সুখচাঁদ শেখ (২৮), বাহারুল ইসলাম (৪৮), সাঈদ শেখ (৩৮), শাহাজাহান মোল্যা (৫০) ও দেলোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় চায়ের দোকানের মালিক মোঃ সাদ্দাম হোসেন (৩০) দৌড়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫/১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
