বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। এ সময় নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণেশ দাস, আতিকুর রহমান সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাবের সহসভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও বিটিআরইউর নবনির্বাচিত সহসভাপতি এসএম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম শফিক।
এ ছাড়া নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভুল তথ্য, গুজব ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
উল্লেখ্য, টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গত ৭ মার্চ বিটিআরইউর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুর রহমান মোহন আখন্দ আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন সদস্য সচিবের দায়িত্ব পান।
গত শুক্রবার বগুড়া প্রেসক্লাবে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
