শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে প্রতিবন্ধী এক ব্যক্তির পরিবারের মালিকানাধীন জমি দখলের চেষ্টা এবং গাছপালা কেটে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপির নেতা এবং ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন এবং শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমারভিটা এলাকায় পরিবারের মালিকানাধীন ১০ দশমিক ৫০ শতাংশ জমিতে জামান প্রধান, নজরুল ইসলামসহ কয়েকজন গাছপালা কেটে ইটের সীমানাপ্রাচীর নির্মাণ করেন। এতে বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ভুক্তভোগী মাজেদা বলেন, তাঁর স্বামী হালিম প্রধান প্রতিবন্ধী। জমির দখল ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আদালতে আবেদন করার পরও প্রতিপক্ষের লোকজন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
হালিম প্রধান বলেন, “আমার জমি দখলের জন্য গাছপালা কেটে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় আছি।”
তবে বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন খন্দকার বলেন, “জোরপূর্বক জমি দখল করে সীমানাপ্রাচীর তৈরির বিষয়টি আমার জানা নেই।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”