মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
আজ বিকালে মাগুরা সদর উপজেলার ধলহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধলহরা নাজমুল স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের খেলায় দেশপ্রেম স্পোর্টিং ক্লাব, রাউতাড়াকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে মঘী রেনেসা যুবসংঘ একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদককে না বলি। আমাদের ছেলেমেয়েরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে সহায়তা করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনহি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবুল পাল, মাগুরার ৯ নম্বর চাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সঞ্জয় সাহা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোশারফ হোসেন বিশ্বাস।
খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ধলহরা নাজমুল স্মৃতি সংঘ, মাগুরা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।