গোবিন্দগঞ্জ প্রতিনিধি মোঃ জাফর ইকবাল রানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান সুজা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দের হাতে খামসহ উপহারসামগ্রী তুলে দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহিমাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। ইউনিয়নটিতে মোট ১০টি পূজামণ্ডপ রয়েছে।
পরিদর্শনকালে আবু সুফিয়ান সুজা পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁদের সুখ-দুঃখ, ভালো-মন্দ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে খামসহ উপহারসামগ্রী তুলে দেন। গোবিন্দগঞ্জের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর সহযোগিতার পাশাপাশি নিজের উদ্যোগেও তিনি এসব উপহারসামগ্রী প্রদান করেন বলে জানা গেছে।
আবু সুফিয়ান সুজা বলেন, এলাকার প্রতিটি মন্দিরের উন্নয়ন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। আগামী দিনে গোবিন্দগঞ্জের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর সহযোগিতায় এলাকার মন্দিরগুলোর উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপে যাতায়াতের গ্রামীণ সড়কগুলোর ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থা তাঁর নজরে আসে। এসব সড়কের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলো সমাধানে যথাসাধ্য সহযোগিতার কথাও জানান।
পরিদর্শনকালে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সুজার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাজা, বিএনপি ও সাবেক ছাত্রনেতা ফরিদুল ইসলাম, , মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক এম. মোফাজ্জল হোসেন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার সুধীজন এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজন প্রতিনিধি আগামী দিনে আবু সুফিয়ান সুজাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে তাঁদের প্রত্যাশার কথা জানান।
শোডাউন, পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে তাঁর এ কর্মসূচি শেষ হয়।
