মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকায় গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ মজিবর শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত মজিবর শেখ শত্রুজিৎপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি ওই গ্রামের মৃত জব্বার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়েরের জন্য প্রসিকিউশন দাখিল করেন। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
