‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য ও ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে র্যালি, সমাবেশ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
এ সময় বক্তব্য দেন নিসচা হোসেনপুর উপজেলা শাখার সদস্যসচিব সঞ্চিত চন্দ্র শীল, শাখার সদস্য সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার উপজেলা শাখার সদস্য সাংবাদিক মাহফুজ রাজা, সাংবাদিক খায়রুল ইসলাম এবং ওমর ফারুক খান জনি।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিসচার উপজেলা শাখার সদস্য সাংবাদিক সাগর মিয়া, এস এম রিফাত, এসকে শাহীন নবাব, রিফাত মিয়া, কবি হাদিউল ইসলাম, ফরিদা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের সচেতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আকিল উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
তাঁরা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত সচেতনতাও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবার সচেতন অংশগ্রহণের মাধ্যমেই নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা সম্ভব।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক ব্যবহারে সতর্কতা অবলম্বনের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচি থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বদরুজ্জামান ভূঞা সোহাগ
-1792736411.jpg)